মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে রুয়েটের একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাঁকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবি দিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। ওই পোস্টের মন্তব্যে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটি ঘিরে উদ্বেগ ও সমালোচনা তৈরি হয়।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন ও সহসভাপতি আলী আশরাফ মাসুম মন্তব্যটির নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, মন্তব্যটি উদ্বেগজনক ও দায়িত্বজ্ঞানহীন। ইতিমধ্যে মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
