মূলত সর্বশেষ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারার পর আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। এরপর জল অনেক দূর গড়িয়েছে। অবশেষে আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব চালিয়ে যেতে সম্মত হয়েছেন বিশ্বকাপজয়ী স্কালোনি।
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ২০২৮ সাল পর্যন্ত দুই বছরের নতুন চুক্তিতে সম্মত হয়েছেন স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে এ চুক্তিতে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হবে।
বুয়েনস আইরেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ সংস্থা নোটিসিয়াস আর্জেন্টিনাস ও আর্জেন্টিনার সংবাদমাধ্যম পারফিল এ তথ্য জানিয়েছে।
তাদের প্রতিবেদন অনুযায়ী, স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই কেবল চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো সম্ভব হবে।
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তিনি দলের দায়িত্বে থাকলে আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে কোচের দায়িত্ব পালনের রেকর্ড গড়তে পারেন। সেক্ষেত্রে ১২৪ ম্যাচে আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করা গুইলারমো স্তাবিলের রেকর্ড ছাড়িয়ে যাবেন তিনি। ১৯৪০ থেকে ১৯৬০ সালের মধ্যে একাধিক মেয়াদে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন স্তাবিল।
