ফেসবুক পোস্টে সংসদ সদস্য লিখেছেন, ‘আপনাদের দোয়া ও সমর্থনে আমি ১০৫ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম, খুলনায় এক যুবক নারীর সঙ্গে আটক হয়েছেন। উক্ত যুবককে আমার ভাতিজা হিসেবে প্রচার করে আমার সম্মানহানির চেষ্টা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমি সচেতন দেশবাসীকে স্পষ্টভাবে জানাতে চাই, উক্ত যুবক আমার ভাতিজা নন। তাই এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়াতে এবং বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ জানাচ্ছি।’
উল্লেখ্য, গত রোববার (২৫ অক্টোবর) বিকেলে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় অপরিচিত এক তরুণীর প্রবেশকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে মোনতাসিম বিল্লাহ (২১) ও এক তরুণীকে আটক করে থানায় নিয়ে যায়।
জানা গেছে, আটক মোনতাসিম কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তালা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গোলাম ফারুকের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) অধ্যাদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক দুজনকে সোমবার (২৬ অক্টোবর) আদালতে পাঠানোর কথা রয়েছে। তবে তদন্তের স্বার্থে আটক তরুণীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
