জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

মৌসুমের প্রথম এল ক্লাসিকো: রাতে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দী বার্সালোনা-রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আজ রবিবার (২৫ অক্টোবর) রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ২টায় বার্সেলোনার মাঠে অনুষ্ঠিত হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই।

লিখেছেন
· পড়তে সময় লাগবে ১ মিনিট
বার্সালোনা-রিয়াল মাদ্রিদ
বার্সালোনা-রিয়াল মাদ্রিদ · (ফাইল ছবি)

পয়েন্ট টেবিলে বর্তমানে এগিয়ে রয়েছে বার্সেলোনা। লিগে প্রথম ৯ ম্যাচের সবকটিতে জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হান্সি ফ্লিকের দল। অন্যদিকে সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে আজকের ম্যাচে জয় পেলে ব্যবধান কমিয়ে আনার সুযোগ পাবে রিয়াল। আর বার্সেলোনা জিতলে দুই দলের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়াবে ৯-এ।

এল ক্লাসিকোর আগে দুই দলের আত্মবিশ্বাসে অবশ্য পার্থক্য রয়েছে। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইর কাছে ৪-২ গোলে হেরেছে বার্সেলোনা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সেটিই তাদের প্রথম হার। বিপরীতে টানা চার ম্যাচ জিতে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামছে রিয়াল।

তবে দুই দলই কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না। নিষেধাজ্ঞার কারণে রিয়ালের হয়ে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। অন্যদিকে বার্সেলোনার দানি ওলমো ও জুলস কুন্দে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। এরিক গার্সিয়াকেও এই ম্যাচে পাওয়া যাবে না বলে উল্লেখ করা হয়েছে। চোটের কারণে রিয়ালের রদ্রিগো ও রাউল আসেনসিওর খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

বিজ্ঞাপন

লা লিগায় দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়সংখ্যা সমান। তবে আজকের ম্যাচে জিতলে নতুন একটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে বার্সেলোনার সামনে। লিগের প্রথম ৯ ম্যাচে জয় পাওয়া বার্সা আজ জিতলে প্রথম দল হিসেবে মৌসুমের প্রথম ১০ ম্যাচেই জয়ের কৃতিত্ব অর্জন করবে।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল ও রাফিনিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচে গোল করা কিংবা গোলে সহায়তা করার কৃতিত্ব দেখিয়েছেন ইয়ামাল। এই ১০ ম্যাচে তার গোল ১০টি, অ্যাসিস্টও ১০টি। অন্যদিকে লা লিগার চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা রাফিনিয়া।

রিয়ালের হয়ে বাড়তি দায়িত্ব নিতে হবে কিলিয়ান এমবাপেকে। বার্সেলোনার বিপক্ষে রিয়ালে যোগ দেওয়ার পর ছয় ম্যাচে ছয় গোল করেছেন ফরাসি তারকা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ১২। ভিনিসিয়ুসের অনুপস্থিতিতে আক্রমণভাগে এমবাপের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বিজ্ঞাপন