অ্যালফাবেটের চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার বলেন, গুগলের ‘এআই মোড’ ব্যবহারকারীদের প্রশ্নের জবাবে কথোপকথনের মতো সরাসরি উত্তর দেয়। ফলে প্রচলিত সার্চ ফলাফলের পাশে প্রদর্শিত বিজ্ঞাপনের মাধ্যমে আয় কমে গেছে। তবে নতুন এই সার্চ ব্যবস্থা নিয়ে তিনি আশাবাদী।
বিশ্বজুড়ে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে গুগলের দীর্ঘদিনের প্রভাব এখন এআইয়ের দ্রুত অগ্রগতির কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে। লাখ লাখ ব্যবহারকারী বিভিন্ন প্রশ্নের বিস্তারিত উত্তর পেতে গুগলের পরিবর্তে চ্যাটজিপিটি ও ক্লডের মতো এআইভিত্তিক চ্যাটবট ব্যবহার করছেন। এতে প্রচলিত সার্চ ইঞ্জিনের ওপর নির্ভরতা কমার আশঙ্কা তৈরি হয়েছে।
গুগলের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান কিম স্কট বলেন, নিজেদের এআই প্রযুক্তির কারণে স্বল্পমেয়াদে সার্চ ব্যবসার ক্ষতি হলেও গুগল তা মেনে নিতে প্রস্তুত। তবে অন্য কোনো প্রতিষ্ঠানকে নিজেদের ব্যবসার জায়গা দখল করতে দিতে চায় না প্রতিষ্ঠানটি। তাঁর মতে, প্রযুক্তি খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ গুগলের প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি।
বুধবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে অ্যালফাবেট জানায়, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে আগের বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির মোট আয় ২৫ শতাংশ বেড়ে ১২ হাজার ৭৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে এই আয় বিশ্লেষকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে বিজ্ঞাপন খাতে প্রত্যাশার তুলনায় কম আয় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
প্রতিবেদন প্রকাশের পর অ্যালফাবেটের শেয়ারের দাম ১২ শতাংশের বেশি কমে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। বৃহস্পতিবার দিন শেষে প্রতিষ্ঠানটির বাজারমূল্য কমে দাঁড়ায় ৩ লাখ ৪৬ হাজার কোটি ডলারে। বিজ্ঞাপন আয় কমার খবর প্রকাশের পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলারের বেশি কমে যাওয়ার তথ্যও সামনে আসে।
গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের প্রধান বিশ্লেষক ট্রেসি উ বলেন, অ্যালফাবেটের সার্চ ব্যবসার হতাশাজনক ফলাফল দেখিয়েছে, এআই খাতে বিপুল বিনিয়োগের অর্থ জোগানোর পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যবসাগুলোর শক্ত অবস্থান ধরে রাখা কতটা কঠিন।
