বিবৃতিতে তিনি জানান, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক পদসহ সব দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে পদত্যাগ করছি।’
সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, আমি সরাসরি রাজনীতির মানুষ না, কিন্তু জুলাই-পূর্ব বাংলাদেশের চরম দুঃসময়ে বাংলাদেশের পক্ষে কাজ করেছি। জুলাইয়ের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক রাজনীতিতে তরুণদের রাজনীতি সংগঠিত করতে সহায়তা করব, এই লক্ষ্যে এনসিপিতে যোগ দিয়েছিলাম। প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদ সদস্য, বিভিন্ন সেল ও উইংয়ের সদস্য এবং নোয়াখালী-২ আসনে দলের প্রার্থী হিসেবে সাধ্যমতো কাজ করার চেষ্টা করেছি।
এনসিপির ঐতিহাসিক রাজনৈতিক ম্যানিফেস্টো ২৪ দফাসহ দলের বিভিন্ন গাঠনিক দলিল তৈরিতে সাধ্যমতো সহায়তার চেষ্টা করেছি। দলের ভেতর অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা, সিদ্ধান্তগ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহির চর্চার জন্য শুরু থেকে দলীয় ফোরামে এবং দলীয় নেতৃত্বকে পরামর্শ দেওয়ার আন্তরিক চেষ্টা করেছি। দলের প্রাতিষ্ঠানিকীকরণ প্রচেষ্টা যৎসামান্য যতটুকু ভূমিকা রাখতে চেষ্টা করেছি তা খুব বেশি সফল হয়নি বলে হতাশা ভর করলেও তরুণ নেতৃত্ব সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিখবে, এই বিশ্বাসে ধৈর্য ধরেছি।
কিন্তু ব্যক্তিজীবনে আমি সম্মান, মর্যাদা ও মাথা উঁচু করে চলেছি। তাই আত্মমর্যাদা ও জবাবদিহিতার প্রশ্নে আপোষ করে জীবনে বিশেষ কিছু অর্জন চাই না।
উল্লেখ্য, এ বছরের জুলাই মাসে নোয়াখালীতে এনসিপির দলীয় কর্মসূচি চলাকালে দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন নিজে এবং যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদের অনুসারীরা আমাকে বিনা উসকানিতে আশ্রাব্য ভাষায় গালাগালিসহ, অপমান ও অপদস্থ করেন। নোয়াখালীর রাজনীতিতে তাদের প্রথাগত গ্রুপিং, মাস্তানি, টেন্ডারবাজি, দুর্বৃত্তপনা রাজনীতির পথে আমার উপস্থিতি তাদের জন্য অস্বস্তিকর ছিল এবং দীর্ঘদিন তারা নানা উপায়ে আমাকে হেনস্তা করে আসছিল। দলের শীর্ষ নেতৃত্বকে আমি বারবার তা অবহিতও করি।
অবশেষে, রাজনৈতিক প্রতিযোগিতাকে তারা ব্যক্তিগত আক্রমণ, গালাগালি, হুমকিতে পর্যন্ত পর্যবসিত করে। এ বিষয়ে আমি নিয়ম মেনে দলের শৃঙ্খলা কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছি এবং আহ্বায়কসহ দায়িত্বশীলদের একাধিকবার জানিয়েছি। প্রায় পাঁচ মাস অপেক্ষা এবং বারবার তাগাদা দেয়া সত্ত্বেও কোনো প্রতিকার মেলেনি। বরং অভিযোগের নিষ্পত্তির আগেই অভিযুক্তদের কয়েকজনকে দলে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। দলের নির্লিপ্ততায় আমার সামনে বিকল্প ছিল হান্নান মাসউদ ও নিজামদের সঙ্গে পাল্লা দিয়ে প্রচলিত অসৎ ও নোংরা রাজনীতি করা, অথবা সসম্মানে বিদায় নেয়া। আমি নির্ধিদ্বায় দ্বিতীয়টি বেছে নিয়েছি।
এনসিপির প্রতি শুভকামনা জানিয়ে সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, জাতীয় রাজনীতিতে এনসিপি আমার প্রথম দল, প্রথম প্রেমের মতো। সেই ইতিহাস আমি কখনও অস্বীকার করব না। নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আবদুল্লাহকে আমি অত্যন্ত প্রতিভাবান ও সম্ভাবনাময় রাজনীতিক মনে করি; তাদের প্রতি আমার শ্রদ্ধা ও শুভকামনা রইল। এনসিপিতে আমি অসংখ্য সহকর্মীর চোখে বাংলাদেশের প্রতি অকৃত্রিম অঙ্গীকার ও আত্মত্যাগের প্রস্তুতি দেখেছি। তাদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা থাকবে। আশার দিক হচ্ছে এনসিপিতে হান্নান মাসুদ ও নিজাম উদ্দিনদের মতো দুর্বৃত্ত রাজনৈতিক চরিত্র এখনও সংখ্যায় কম। হয়তো দল বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই জাতীয় চরিত্রগুলোই সংখ্যায় বেশি হবে। আশা করি দলটি নিজেদের পরিশুদ্ধ রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে এবং জবাবদিহিতার প্রশ্নে জিরো টলারেন্স দেখাবে।
