জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং
ব্রেকিংঅর্থনীতি

শ্রমিকপক্ষের সংশোধিত মজুরি প্রস্তাব ২২,০০০, মালিকেরা দিতে চান ১৫,৮০০ টাকা

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। অন্যদিকে, মালিকপক্ষ সর্বশেষ ১৫ হাজার ৮০০ টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব করেছে। তবে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে সমঝোতা না হওয়ায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই নিম্নতম মজুরি বোর্ডের সভা মুলতবি করা হয়েছে।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ৩ বার পঠিত
শ্রমিকপক্ষের সংশোধিত মজুরি প্রস্তাব ২২,০০০, মালিকেরা দিতে চান ১৫,৮০০ টাকা
গতকাল সোমবার শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের সভা চলাকালে বিভিন্ন শ্রমিক সংগঠন মজুরি বৃদ্ধি, কারখানা খোলাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করে · (ছবি সংগৃহীত)

সোমবার (২৩ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিক ও শ্রমিকপক্ষ তাদের সংশোধিত প্রস্তাব তুলে ধরে। সভায় শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২২ হাজার টাকা করার প্রস্তাব দেয়। অন্যদিকে, মালিকপক্ষের প্রস্তাব প্রথমে ১৫ হাজার টাকা থাকলেও পরে তা বাড়িয়ে ১৫ হাজার ৮০০ টাকা করা হয়।

তবে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় কোনো সমঝোতা হয়নি। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সভা মুলতবি করা হয়।

মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি, শ্রমিকদের পরিবারের সদস্যসংখ্যা, মালিকদের আর্থিক সক্ষমতা, ছোট ও মাঝারি শিল্পের অবস্থা এবং বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে সোমবারও গাজীপুর ও সাভারের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত ছিল। গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর এলাকায় প্রায় ৫৫টি কারখানার উৎপাদন বন্ধ ছিল। অন্যদিকে, সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের কারণে ৩৩টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রম আইন অনুযায়ী ২২টি কারখানা বন্ধ ছিল। সেখানে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় তিন শ্রমিক আহত হন।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব জমা দেয়।

মজুরি নির্ধারণে আলোচনা অব্যাহত রাখতে মুলতবি হওয়া সভাটি আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় পুনরায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন