জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

বিএসএফ সদস্যকে অপহরণের অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে

ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার কাটিগড়া সীমান্তে দায়িত্ব পালনকালে নিখোঁজ হয়েছেন ৭৫তম ব্যাটালিয়নের বিএসএফ কনস্টেবল (GD) কে. ভেনু।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ৪ বার পঠিত
বিএসএফ সদস্যকে অপহরণের অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে
জাগ্রত শ্রাবণ · (ছবি সংগৃহীত)

সোমবার ভোরে হরিনগর বর্ডার আউটপোস্ট (BOP) এলাকায় এ ঘটনা ঘটে।

বিএসএফ সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে ৪/৫ জনের একটি দল গরু পাচারের চেষ্টা করছে,এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে. ভেনু তাদের আটকাতে অভিযান চালান। বিএসএফ সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা বরাক নদীতে ঝাঁপ দেয়।

তাদের ধাওয়া করতে দুই বিএসএফ সদস্যও নদীতে নামেন। একপর্যায়ে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব নদী থেকে নিরাপদে ফিরে আসতে সক্ষম হলেও কনস্টেবল কে. ভেনু নিখোঁজ হন।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তিনি নদীতে ডুবে গেছেন। তবে পরবর্তী সময়ে নতুন তথ্য সামনে আসে। সন্দেহভাজন গরু পাচারকারীরা তাকে অপহরণ করে নদী পার করে বাংলাদেশের অভ্যন্তরে একটি গ্রামে নিয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সূত্রের দাবি, তিনি বর্তমানে অপহরণকারীদের হেফাজতে থাকতে পারেন।

ঘটনার পর নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, নিখোঁজ বিএসএফ সদস্যকে উদ্ধারের লক্ষ্যে বিএসএফ ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মধ্যে যোগাযোগ শুরু হয়েছে। তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে।

অন্ধ্রপ্রদেশের বাসিন্দা কনস্টেবল কে. ভেনুর নিখোঁজ হওয়ার ঘটনায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাড় অংশে উত্তেজনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন