পদত্যাগের ঘোষণা দিয়েও দুই ঘণ্টা পর সেই সিদ্ধান্ত স্থগিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। হঠাৎ করেই কেন পাল্টাপাল্টি সিদ্ধান্ত নিলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এক বিবৃতিতে শুরুতে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। পরে ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগ স্থগিতের কথা জানান।
শুরুর বিবৃতিতে জাকারিয়া বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদসহ দলের সব দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে সরে দাঁড়াচ্ছেন। দলীয় দায়িত্ব পালনের পাশাপাশি দলের সঙ্গে সব ধরনের সম্পৃক্ততা থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। পদত্যাগের বিবৃতিতে দলের দুই নেতা হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের অনুসারীদের বিরুদ্ধে তাকে হেনস্তা করার অভিযোগও তোলেন এই নেতা।
তিনি জানান,জুলাই-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় তরুণদের গণতান্ত্রিক রাজনীতিতে সংগঠিত করতে সহায়তার লক্ষ্য নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলেন। দলটির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদের সদস্য এবং বিভিন্ন সেল ও উইংয়ের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া নোয়াখালী-২ আসনে দলের প্রার্থী হিসেবেও কাজ করেছেন।
সিদ্ধান্ত স্থগিত করার স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমার দলের সহকর্মীদের অনুরোধ ও আশ্বাসে আমার পদত্যাগের সিদ্ধান্তটি স্থগিত করেছি।
বিস্তারিত কিছু না জানালেও আগের বিবৃতিতে তিনি যেসব অভিযোগ এনেছিলেন দল থেকে সেসব সমাধানের আশ্বাস পেয়েছেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
