খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে তিন মাসের জন্য এ বিশেষ কর্মসূচি চালু করা হবে। আগামী ২০ নভেম্বর থেকে কার্যক্রমটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মধ্যে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে।
বিশেষ এ কর্মসূচি বাস্তবায়নের জন্য চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চাল বরাদ্দসহ ট্রাক পরিচালনা, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে সরকারি গুদামে পর্যাপ্ত চালের মজুত রয়েছে। ফলে বিদ্যমান মজুত থেকেই এ কর্মসূচির জন্য প্রয়োজনীয় চাল সরবরাহ করা সম্ভব হবে।
খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার বুধবার প্রথম আলোকে জানান, পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চলতি মাসেই শুরু হবে। ২০ নভেম্বর থেকে এটি চালুর সম্ভাবনা রয়েছে।
এদিকে তৈরি পোশাকশ্রমিকদের জন্য বিশেষ এ উদ্যোগের সমালোচনা করেছেন নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তাঁর মতে, সপ্তাহজুড়ে কাজ করার পর ছুটির দিনে চাল কেনার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানো শ্রমিকদের জন্য সম্মানজনক নয়। ৩০০ টাকা সাশ্রয়ের এ উদ্যোগ কার্যকর সমাধান হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
বাবুল আখতার বলেন, শ্রমিকদের কারখানার গেট থেকেই সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করা উচিত। শুধু চাল নয়, চাল, ডাল, তেল, লবণ ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্য সাশ্রয়ী মূল্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হলে শ্রমিকেরা কিছুটা স্বস্তি পাবেন।
উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে অস্থিরতার মধ্যে তৈরি পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস চালুর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে নিম্নতম মজুরি বোর্ডের দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।
ম্যাপড ইন বাংলাদেশের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩ হাজার ৩২০টি তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা প্রায় ২৯ লাখ ৮৭ হাজার। তাঁদের মধ্যে ৫৭ শতাংশই নারী।
