বিবিএসের অক্টোবর মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, অক্টোবরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ। ফলে খাদ্যপণ্যের দাম বাড়ার গতি আগের মাসের তুলনায় কমেছে।
তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়েছে। অক্টোবরে এ হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। অর্থাৎ খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার ব্যয় বেড়েছে।
গ্রাম ও শহর—উভয় এলাকাতেই খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমেছে। অক্টোবরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ এবং শহরাঞ্চলে ৮ দশমিক ২৫ শতাংশ। তবে দুই এলাকাতেই খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়েছে।
এদিকে, মূল্যস্ফীতির তুলনায় মানুষের আয় বৃদ্ধির হার এখনো কম। অক্টোবরে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধির হার ০ দশমিক ৬৪ শতাংশীয় পয়েন্ট কম। ফলে খাদ্যপণ্যের দাম বাড়ার গতি কিছুটা কমলেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের চাপ পুরোপুরি কমেনি।
বিবিএসের হিসাবে, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। আগের ১২ মাসে এ হার ছিল ৯ দশমিক ২২ শতাংশ।
