গত সপ্তাহে চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক ও কর্মচারীদের মজুরি চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। বর্তমানে কর্মচারীদের ন্যূনতম ৮ হাজার ৫২৫ টাকা। সেই হিসাবে মজুরি বাড়ছে ৫ হাজার ৮৮০ টাকা। আর শিক্ষানবিশ কর্মচারীদের মজুরি ১০ হাজার টাকা।
জানা যায়, চলতি বছরের শুরুর দিকে এই খাতের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠিত হয়। কয়েকটি সভার পর গত আগস্টে মজুরি বোর্ড মজুরিকাঠামো চূড়ান্ত করে। প্রতিবছর মজুরি বাড়বে ৫ শতাংশ। সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মজুরি বোর্ডের মাধ্যমে এই খাতের মজুরি নির্ধারণ হয়েছিল।
নতুন মজুরিকাঠামো অনুযায়ী, ন্যূনতম মজুরি ১১ হাজার ৯০০ টাকা হলেও শিক্ষানবিশ শ্রমিকদের মজুরি হবে সব মিলিয়ে ১০ হাজার টাকা। শিক্ষানবিশকাল হবে তিন মাস। প্রয়োজনে এই সময় বাড়াতে পারবে মালিকপক্ষ।
মজুরিকাঠামোতে শ্রমিকদের গ্রেড আছে ছয়টি। ন্যূনতম ষষ্ঠ গ্রেডে সহকারী অপারেটরদের মাসিক মজুরি ১১ হাজার ৯০০ টাকা। তার মধ্যে মূল মজুরি ৬ হাজার টাকা আর বাড়িভাড়া ৩ হাজার টাকা। এর বাইরে চিকিৎসা ভাতা বাবদ ১ হাজার টাকা, যাতায়াত ৬০০ টাকা ও খাদ্য ভাতা বাবদ ১ হাজার ৩০০ টাকা। এই ২ হাজার ৯০০ টাকা সব গ্রেডের শ্রমিকেরা একই হারে পাবেন।
পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মোট মাসিক মজুরি ১৩ হাজার ৮৫ টাকা। চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা; তৃতীয় গ্রেডের অপারেটরদের ১৫ হাজার ৮৭৫ টাকা; দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটদের ১৭ হাজার ৯৪৫ টাকা; প্রথম গ্রেডের চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদের শ্রমিকদের বেতন বেড়ে হয়েছে ২৩ হাজার ২৫৫ টাকা।
এদিকে কর্মচারীদের চারটি গ্রেডের মধ্যে নিম্নতম গ্রেডের মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা। তার মধ্যে মূল মজুরি ৭ হাজার ৬৭০ টাকা ও বাড়িভাড়া ৩ হাজার ৮৩৫ টাকা। শ্রমিকদের মতো কর্মচারীরাও ২ হাজার ৯০০ টাকার চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা পাবেন। তৃতীয় গ্রেডের কর্মচারীদের ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৮ হাজার ৮১৫ ও প্রথম গ্রেডের মজুরি বেড়ে হয়েছে ২০ হাজার ৬০০ টাকা।
