জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

চাঁদা তুলে খেলার মাঠ কিনল গ্রামবাসী, পাশে আরও জমি উপহার দেয়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে নিজেদের উদ্যোগে ৬০ শতাংশ জমি কিনে স্থায়ী খেলার মাঠ তৈরি করেছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীর এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে মাঠের পাশেই আরও ৬০ শতাংশ জমি সরকারিভাবে কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ২ বার পঠিত
চাঁদা তুলে খেলার মাঠ কিনল গ্রামবাসী, পাশে আরও জমি উপহার দেয়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক · (ফাইল ছবি)

আগামী রোববার (১ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদে দেলদুয়ারের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বাবুপুর গ্রামের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন প্রতিমন্ত্রী। সেখানে জমি কেনার সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পাশাপাশি গ্রামবাসীকে সংবর্ধনা দেওয়া হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, খেলার মাঠের জন্য বাবুপুর গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত উদ্যোগ ক্রীড়াঙ্গনে একটি ভিন্ন দৃষ্টান্ত তৈরি করেছে। সরকার ও মন্ত্রণালয় সব সময় এ ধরনের ইতিবাচক ও স্ব-উদ্যোগী কাজকে উৎসাহিত করতে চায়। শিশু-কিশোরদের খেলাধুলার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে গ্রামবাসীর পাশে দাঁড়ানো বিশেষ তাৎপর্যপূর্ণ।

তিনি আরও বলেন, এটি কেবল একটি মাঠ তৈরি নয়; বরং সারা দেশের জন্য জনসম্পৃক্ততার একটি অনুপ্রেরণামূলক মডেল।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন হাজার মানুষের বসবাস বাবুপুর গ্রামে। তবে দীর্ঘদিন ধরে সেখানে খেলাধুলার জন্য কোনো স্থায়ী মাঠ ছিল না। বর্ষা শেষে ধান কাটার পর সাময়িকভাবে ফাঁকা জমিতে শিশুরা খেলাধুলার সুযোগ পেলেও চাষাবাদ শুরু হলে সেই সুযোগ বন্ধ হয়ে যেত।

এ সমস্যা সমাধানে গ্রামের ক্রীড়াব্যক্তিত্ব খোরশেদ আলম ও উদ্যোক্তা এস এম ইকবাল মাহমুদের নেতৃত্বে একটি মতবিনিময় সভা করেন গ্রামবাসী। সভায় নিজেদের অর্থায়নে জমি কিনে স্থায়ী খেলার মাঠ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে বিত্তবান ব্যক্তিরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তহবিলে অর্থ দেন। কেউ ২০০, ৫০০, ১ হাজার টাকা দিয়েছেন, আবার কেউ ৫ হাজার ও ১০ হাজার টাকা পর্যন্ত অনুদান দিয়েছেন।

সব মিলিয়ে সংগৃহীত অর্থ দিয়ে ৩০ লাখ ৬৮ হাজার টাকায় ৫৯ শতাংশ জমি কেনা হয়। পাশাপাশি জমির মালিক ইকবাল হোসেন এক শতাংশ জমি বিনা মূল্যে দান করেন। এভাবে মোট ৬০ শতাংশ জমিতে তৈরি হয় গ্রামের স্থায়ী খেলার মাঠ।

গত ২৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মাঠটি গ্রামবাসীর কাছে হস্তান্তর করা হয়। এবার মাঠের পাশে আরও ৬০ শতাংশ জমি কেনার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শিশু-কিশোরদের খেলাধুলার পরিসর আরও বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন