জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

তারকাবহুল কাস্টিং ছাড়াই ১০০ কোটি ভিউ, আলোচনায় বাংলা নাটক ‘দুনিয়া টাকার গোলাম

তারকাবহুল কাস্টিং কিংবা বড় বাজেট ছাড়াই গল্প ও অভিনয়ের জোরে ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সামাজিক মেগা ধারাবাহিক ‘দুনিয়া টাকার গোলাম’। ‘প্র্যাঙ্ক কিংস এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে নির্মিত নাটকটি এখন ইউটিউবের ট্রেন্ডিং তালিকার শীর্ষে রয়েছে। নির্মাতাদের দেওয়া তথ্য অনুযায়ী, ধারাবাহিকটির ভিউ ১০০ কোটি ছাড়িয়েছে। কোটি কোটি দর্শকের আগ্রহ ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কারণে এটি বাংলা নাটকের অনলাইন জগতে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে উঠে এসেছে।

· পড়তে সময় লাগবে ২ মিনিট· ১৯ বার পঠিত
তারকাবহুল কাস্টিং ছাড়াই ১০০ কোটি ভিউ, আলোচনায় বাংলা নাটক ‘দুনিয়া টাকার গোলাম
(ছবি সংগৃহীত)

২০২৬ সালের মাঝামাঝি সময়ে যাত্রা শুরু করা ধারাবাহিকটির এখন পর্যন্ত ৪৬টি পর্ব প্রকাশিত হয়েছে। পরিচিত মেগাস্টারদের ওপর নির্ভর না করে গল্প, অভিনয় ও টিমওয়ার্ককে প্রাধান্য দিয়ে নির্মিত নাটকটি অল্প সময়েই বড় দর্শকগোষ্ঠী তৈরি করেছে। পরিচালক সাইদুর রহমান সবুজের পরিচালনায় এতে পারিবারিক সম্পর্ক, অর্থনৈতিক টানাপোড়েন, হালকা অ্যাকশন ও সাসপেন্সের সমন্বয় ঘটানো হয়েছে।

পরিচালক সাইদুর রহমান সবুজ জানান, প্রথাগত পারিবারিক নাটকের ধারা থেকে বেরিয়ে পারিবারিক আবহের সঙ্গে হালকা অ্যাকশন ও থ্রিলের মিশ্রণ ঘটানো হয়েছে। তারকাবহুল কাস্টিংয়ের পরিবর্তে পুরো দলের সমন্বিত কাজের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর মতে, গল্পের ধরন ও টিমওয়ার্কের সঠিক বাস্তবায়নই ধারাবাহিকটির জনপ্রিয়তার অন্যতম কারণ।

নাটকটির গল্পের মূল উপজীব্য অর্থের প্রভাব এবং মানুষের সম্পর্কের ওপর টাকার নিয়ন্ত্রণ। অর্থের মোহে কীভাবে ভাইয়ে-ভাইয়ে দূরত্ব তৈরি হয়, রক্তের সম্পর্কের চেয়ে অর্থ বড় হয়ে ওঠে এবং আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারের সদস্যদের অবমূল্যায়নের শিকার হতে হয়—এসব বিষয় তুলে ধরা হয়েছে এতে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন সংকট এবং সম্পর্কের টানাপোড়েন গল্পটিকে দর্শকদের কাছে পরিচিত করে তুলেছে।

বিজ্ঞাপন

চিত্রনাট্যকার আর্থিক সজীব জানান, বিশ্বজুড়ে চলমান কনটেন্টের প্রবণতা এবং নির্দিষ্ট দর্শকশ্রেণির চাহিদা বিবেচনায় রেখে সচেতনতামূলক এই গল্পের ভাবনা তৈরি করা হয়েছে। নিম্নমধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন ও চারপাশের অর্থনৈতিক সংকটকে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পারিপার্শ্বিক পর্যবেক্ষণের আলোকে গল্পে তুলে ধরেছেন তিনি।

দীর্ঘ ধারাবাহিকের প্রতিটি পর্বের শেষে দর্শকদের আগ্রহ ধরে রাখতে সাসপেন্স তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান আর্থিক সজীব। তাঁর ভাষ্য, প্রতিটি পর্বের চিত্রনাট্য ও পরিকল্পনা পরিচালনা দলের সঙ্গে সমন্বয় করে তৈরি করা হয়। ১০০ কোটি ভিউয়ের মাইলফলককে তিনি বড় অর্জন হিসেবে উল্লেখ করে এর কৃতিত্ব দর্শকদের দিয়েছেন। তবে ধারাবাহিকটির সমাপ্তি নিয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই; গল্পের নিজস্ব গতি ও ধারাবাহিকতা অনুযায়ী শেষ পর্ব নির্ধারিত হবে বলে জানান তিনি।

নাটকটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা শহীদুজ্জামান সেলিম। মূল চরিত্রে রয়েছেন শোয়েব শান্ত, লামহা আনসু ও তৈয়েবা তুলনা। তাঁদের পাশাপাশি শফিউল রাজ, ঈশান সাব্বির, সুমন পাটোয়ারী, মুকুল সিরাজ, ফাবিহা ফ্রিয়া, বাঁধন খান, মাসুদ আলম, রাজ আরিয়ান ও মাসুদ হারুনসহ আরও অনেকে অভিনয় করেছেন।

ধারাবাহিকটির জনপ্রিয়তা ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমও ভূমিকা রাখছে। নাটকের আবেগঘন দৃশ্য ও সংলাপের বিভিন্ন অংশ টিকটক, ফেসবুক রিলস এবং ইউটিউব শর্টসে ছড়িয়ে পড়ছে। এসব ছোট ভিডিও দেখে নতুন দর্শকেরা মূল পর্ব দেখার আগ্রহ পাচ্ছেন বলে সংশ্লিষ্টদের ধারণা।

তবে দর্শকদের প্রতিক্রিয়া পুরোপুরি একমুখী নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু দর্শক মন্তব্য করেছেন, ৪০তম পর্বের পর গল্প কিছুটা দীর্ঘ করা হচ্ছে এবং নতুন নতুন জটিলতা তৈরি করা হচ্ছে। অন্যদিকে নাটকের সাসপেন্স, আবেগঘন মুহূর্ত ও সাম্প্রতিক পর্ব নিয়ে দর্শকদের আগ্রহও লক্ষ করা যাচ্ছে। ফলে প্রশংসার পাশাপাশি সমালোচনাও ধারাবাহিকটির আলোচনার অংশ হয়ে উঠেছে।

নির্মাতাদের দাবি, পাইরেসির ঝুঁকির কারণে শুরুতে ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশের পরিকল্পনা থেকে সরে এসে ইউটিউবেই নিয়মিত পর্ব প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। ভবিষ্যতে নাটকটির প্রোডাকশন ভ্যালু ও কাস্টিং আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

বিজ্ঞাপন