আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়। দুপুর পৌনে ১২টার দিকে সংঘর্ষ থামে। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল থেকে মিরপুর–১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন শ্রমিকেরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বারবার অনুরোধ করছিল পুলিশ। একপর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরা। তখন পুলিশ লাঠিপেটা শুরু করে। তারা শ্রমিকদের ধাওয়া দেয়। জলকামান দিয়ে পানি ছোড়ে। সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে শ্রমিকেরা আবার একজোট হয়। তারা বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
