জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

মিরপুরে শ্রমিক বিক্ষোভে সহিংসতা: আটক ১১ জনই নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী

রাজধানীর মিরপুর-১০ নম্বর ও আশপাশের এলাকায় ন্যূনতম মাসিক মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে নাশকতা ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, শ্রমিকদের আন্দোলনকে কাজে লাগিয়ে সহিংসতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। আটক ব্যক্তিরা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী।

· পড়তে সময় লাগবে ১ মিনিট
মিরপুরে শ্রমিক বিক্ষোভে সহিংসতা: আটক ১১ জনই নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী
(ছবি সংগৃহীত)

রোববার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান। তিনি জানান, শ্রমিকদের আন্দোলনের মধ্যে থেকে নাশকতার চেষ্টার অভিযোগে ওই ১১ জনকে আটক করা হয়েছে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান চলছে।

ডিসি মোহাম্মদ রাকিব খান বলেন, মিরপুরের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা নাশকতার সমন্বয়ক হিসেবে কাজ করছেন বলে পুলিশের ধারণা। তাঁর দাবি, আলিফ মোল্লা ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের ঢাকায় এনেছেন। এ ঘটনায় প্রায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতির তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। তাঁদের শনাক্ত করে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন ধরে গার্মেন্টস শ্রমিকেরা বেতন ও ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। তবে শনিবার থেকে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে বলে দাবি ডিবির। রোববারও পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার সঙ্গে শ্রমিকদের আন্দোলনে মিশে থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ করেছে পুলিশ।

বিজ্ঞাপন

ডিবির এই কর্মকর্তা আরও দাবি করেন, সাধারণ শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে নাশকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এ পরিস্থিতিতে আন্দোলনস্থল থেকে ১১ জনকে আটক করা হয়েছে এবং অন্যদের শনাক্ত করার কাজ চলছে।

বিজ্ঞাপন