জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

শ্রমিক অসন্তোষের নেপথ্যে ষড়যন্ত্র: ডিসেম্বরকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা নিষিদ্ধ আ.লীগের

তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের পেছনে একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর ইন্ধন ও পরিকল্পিত কর্মকাণ্ড রয়েছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে ব্যবহার করে ডিসেম্বরকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টি, কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে প্রতিবেদন জমা দিয়েছে সংস্থাটি।

· পড়তে সময় লাগবে ২ মিনিট· ১ বার পঠিত
শ্রমিক অসন্তোষের নেপথ্যে ষড়যন্ত্র: ডিসেম্বরকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা নিষিদ্ধ আ.লীগের
জাগ্রত শ্রাবণ · (ফাইল ছবি)

প্রতিবেদন অনুযায়ী, রোববার মিরপুর, গাজীপুর ও সাভার-আশুলিয়া এলাকায় শ্রমিক অসন্তোষের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর সম্পৃক্ততার সুস্পষ্ট তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে গোয়েন্দা সংস্থাটি। কেবল তা-ই নয়, পরিস্থিতি ঘোলাটে করতে নেপথ্যে থেকে অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বার্তা ছড়ানোর প্রমাণও তাদের হাতে রয়েছে ।

গোয়েন্দা প্রতিবেদনে শিল্পাঞ্চলের কারখানা, গুরুত্বপূর্ণ সড়ক, মেট্রোরেল স্টেশন, ব্যাংক ও অন্যান্য স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। গুজব ছড়িয়ে সহিংসতা উসকে দেওয়ার আশঙ্কার কথাও বলা হয়েছে। এ পরিস্থিতিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার এবং নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার সুপারিশ করেছে সংস্থাটি।

সংস্থাটির দাবি, শ্রমিক আন্দোলনের আড়ালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে অর্থনীতির গুরুত্বপূর্ণ এ খাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ওপর নজরদারি চলমান রয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি তাসলিমা আখতার বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের গণতান্ত্রিক আন্দোলন স্বাভাবিক বিষয়। তবে এ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা দেখা যাচ্ছে। তাঁর অভিযোগ, পতিত সরকারের পক্ষ থেকে ডিসেম্বরকে কেন্দ্র করে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে এবং শ্রমঘন শিল্পাঞ্চলে প্রচারণা চালানো হচ্ছে।

কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার প্রসঙ্গ তুলে তাসলিমা আখতার বলেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে অন্যদিকে নেওয়ার চেষ্টা হচ্ছে। এ বিষয়ে শ্রমিক ও মালিক—উভয় পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দ্রুত মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের মজুরি নির্ধারণের তাগিদ দিয়ে তিনি বলেন, সিদ্ধান্ত নিতে দেরি হলে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, বর্তমান আন্দোলনের ধরনকে সুস্থ শ্রমিক আন্দোলন বলা যাচ্ছে না। তাঁর অভিযোগ, কিছু শ্রমিক কাজে যোগ দিতে চাইলেও তাঁদের বাধা দেওয়া হচ্ছে এবং জোর করে আন্দোলনে অংশ নিতে চাপ দেওয়া হচ্ছে। তিনি বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে গঠনমূলক আন্দোলনে বাধা দেওয়ার কারণ নেই। তবে শিল্প ক্ষতিগ্রস্ত হলে শেষ পর্যন্ত শ্রমিকদেরও তার পরিণতি ভোগ করতে হবে।

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান বলেন, মজুরি বোর্ড গঠনের পরও আন্দোলন অব্যাহত থাকায় এর পেছনে অন্য কোনো গোষ্ঠীর ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁর অভিযোগ, একটি গোষ্ঠী পোশাকশিল্পকে অস্থিতিশীল করে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। শিল্পের সঙ্গে যুক্ত সাধারণ শ্রমিকেরা সচেতনভাবে কারখানা ভাঙচুরে অংশ নেবেন না বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডে ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান ফেডারেশনের সভাপতি।

বিজ্ঞাপন