জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল গণমাধ্যমকে বলেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্রে ইন্দোনেশিয়া সরকারের উপহার হিসেবে স্থাপিত সরস্বতী মূর্তিটি বাকি মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে উঁচু—১৯ ফুট। নতুন মূর্তির নকশায় এর উচ্চতা ধরা হয়েছে ৩০ ফুট।’
মূর্তি নির্মাণে খরচ হবে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। এর বড় অংশই আসবে হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে।
প্রাধ্যক্ষ বলেন, ‘উদ্বোধনের দিনই একজন ২ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেছেন। আরও অনেকেই সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে যোগাযোগ করেছেন।’
মূর্তি নির্মাণে কত সময় লাগবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাজটি তিন ধাপে সম্পন্ন হবে এবং এক বছরের মধ্যে শেষ হতে পারে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঢাবি উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘এই বাংলাদেশ শুধু মুসলমানদের নয়, শুধু হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদেরও নয়। এ দেশ সবার।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত অধ্যাপক ও বৌদ্ধবিদ্যাবিশারদ ড. সুকোমল বড়ুয়া, কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, জগন্নাথ হল ছাত্র সংসদ ও ছাত্রদলের নেতাকর্মীসহ অনেকে।
