রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশ ছাড়ার পর বাংলাদেশ সরকারের কাছে এটিই তার পক্ষ থেকে প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগের চেষ্টা। সোমবার (৯ নভেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার যুক্তরাজ্যভিত্তিক আইনজীবীদের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে এবং রয়টার্স সেই চিঠি দেখার সুযোগ পেয়েছে বলে তাদের সংবাদে উল্লেখ করে।
রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়, চব্বিশ পরবর্তী অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পূর্ববর্তী বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি বাতিল করার পর তার পক্ষ থেকে নতুন এসব ভ্রমণ নথি সরবরাহের দাবি তোলা হয়েছে।
চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন সনদে বাংলাদেশের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়ে জরুরি ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়। এ ছাড়া প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ হওয়া মাত্রই শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে ইচ্ছুক বলেও তার সহযোগীদের বরাতে এতে দাবি করা হয়েছিল।
তবে রয়টার্সের এই চাঞ্চল্যকর দাবির বিপরীতে সম্পূর্ণ বিপরীত তথ্য দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন। দায়িত্বশীল একাধিক কূটনৈতিক ও সরকারি সূত্র বলছে, শেখ হাসিনা বা তার আইনজীবীদের কাছ থেকে এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো আবেদন বা চিঠি তাদের হস্তগত হয়নি।
ফলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরটির বিপরীতে বাংলাদেশের কূটনৈতিক ও প্রশাসনিক মহলের পক্ষ থেকে আবেদন পাওয়ার এই দাবি সরাসরি ও আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করা হলো।
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘ ১৫ বছরের ক্ষমতার অবসান ও প্রাণঘাতী দমন-পীড়নের পর শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা ও রায় হওয়ার আইনি পটভূমি রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের পক্ষ থেকে সার্বিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা ও অন্তর্বর্তী প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোনোর মুহূর্তে আন্তর্জাতিক মিডিয়ায় হঠাৎ এমন খবরের প্রচার দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা ও ধোঁয়াশা সৃষ্টির একটি প্রয়াস হতে পারে।
