জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ পরিচয়ে স্কুল ভবন দখল ও অর্থলুট

রাজধানীর মিরপুরে দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনের ভবনের মার্কেট দখলের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পরিচয় ব্যবহারকারীদের বিরুদ্ধে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের পরিচালনা পর্ষদকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন এবং মার্কেটের ভাড়া আত্মসাতের অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্যরা। একই সঙ্গে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের হুমকি-ধমকি ও হয়রানি করা হচ্ছে বলে দাবি করেছেন তারা।

· পড়তে সময় লাগবে ৩ মিনিট· ১১ বার পঠিত
মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ পরিচয়ে স্কুল ভবন দখল ও অর্থলুট
জাগ্রত শ্রাবণ · (ছবি সংগৃহীত)

রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন প্রতিষ্ঠানের সভাপতি রুনু আক্তার। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কামাল হোসেন বরকতের বোন আনোয়ারা খাতুন।

লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৮৮ সালে গণপূর্ত থেকে বরাদ্দ পাওয়া ১৬ কাঠা জমিতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সহায়তায় মিরপুরের সমাজসেবক ও শিক্ষানুরাগী কামাল হোসেন বরকত দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করেন। শুরু থেকেই বিনা বেতনে শিক্ষাদান এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিল। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বিএনপির সাবেক নেতা ও মিরপুরের সাবেক কমিশনার শওকত আলী মিস্টার। ২০০২ সালে তার মৃত্যুর পর স্ত্রী রুনু আক্তারকে সভাপতি করা হয়।

আনোয়ারা খাতুন অভিযোগ করেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেন। তবে ওই বছরের ২৩ আগস্ট বিদ্যালয়ের কার্যক্রম চলাকালে বেলা ১১টার দিকে একদল ব্যক্তি প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে জড়ো হন। তারা নিরাপত্তাকর্মীকে মারধর করে ভেতরে প্রবেশ করেন। বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পরিচয় দিয়ে অমিত হাসান, রিফাতুল হক শাওন, মাসুদ রানা, সানজিদ হোসেন, সাদমান হোসেন, আসমা আক্তার পপি, আসাদ কামাল পিটার, বুশরা বিনতে বরকত ও এম এ আরজুসহ কয়েকজন প্রতিষ্ঠানের সভাপতি ও সদস্যদের ওপর হামলা, মারধর ও গালাগাল করেন। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তাদের বের করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর প্রতিষ্ঠানের ৪৮ জন স্থায়ী সদস্যকে বাদ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নাম ব্যবহার করে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আসমা আক্তার পপিকে সভাপতি এবং আসাদ কামাল পিটারকে শিক্ষা সম্পাদক করা হয়েছে। অথচ তারা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকাল থেকে ২০২৪ সালের ২৩ আগস্ট পর্যন্ত কখনো সদস্য ছিলেন না। নতুন কমিটিতে অনেককে তাদের সম্মতি ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রুনু আক্তার বলেন, বিদ্যালয় ভবন ঘিরে থাকা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ভাড়া থেকে পাওয়া অর্থ দিয়ে শিক্ষক-কর্মচারীদের বেতন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালন ব্যয়সহ অন্যান্য খরচ মেটানো হতো। কিন্তু অবৈধভাবে দখলের পর দোকানমালিক ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ভাড়া আদায় করে তা আত্মসাৎ করা হচ্ছে। স্কুলের কয়েকটি কক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। সেখানে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি ভবনের ছাদে আড্ডা ও মাদক সেবন করা হয়। বিভিন্ন ব্যক্তিকে আটকে রেখে মারধরের ঘটনাও ঘটছে।

রুনু আক্তার বলেন, এসব কারণে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৈধ কাগজপত্র ও দীর্ঘদিনের সদস্যদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করে অর্থ আত্মসাৎ করা হচ্ছে। সম্মানিত সদস্যদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ, ঘটনার নিরপেক্ষ তদন্ত, মার্কেটের ভাড়া আদায়ের হিসাব প্রকাশ এবং প্রতিষ্ঠানটি আগের বৈধ পরিচালনা পর্ষদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত সদস্যরা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠান দখল ও অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও তারা সহযোগিতা পাননি।

এ বিষয়ে জানতে চাইলে থানা-পুলিশ জানায়, দুই পক্ষের বিরোধ নিয়ে কাজ চলছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রুনু আক্তারসহ অন্য সদস্যরা যোগাযোগ করলে তারা দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতন দখলের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি জানি না। বৈষম্যবিরোধী ছাত্র সমাজ নামে কোনো সংগঠন নেই। যেহেতু এ বিষয়ে অবগত নই এবং জড়িতদের চিনতে পারছি না, তাই কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বর্তমান কমিটির সভাপতি আসমা আক্তার পপি বলেন, ‘সংবাদ সম্মেলনে করা অভিযোগ ভিত্তিহীন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তার স্বামী কামাল হোসেন বরকত। ওয়ারিশ সূত্রে তিনি প্রতিষ্ঠানটির সভাপতি হয়েছেন। ওয়ারিশ হলে স্থায়ী সদস্য হওয়ার প্রয়োজন হয় না।’

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ৪৮ জন স্থায়ী সদস্যের মধ্যে আনোয়ার হোসেন, লিয়াকত আলী, মিসেস তাহমিনা হক, মো. ইকবাল হোসেন ও সিদ্দিকুর রহমান সবুজসহ ৩৮ জন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন