চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে সন্ত্রাসের অভয়াশ্রম থেকে মুক্ত করে সুশাসন ও শৃঙ্খলার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সেখানে সারদার আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের জন্য জঙ্গল সলিমপুর এলাকায় ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি জমি, পাহাড় শ্রেণির জমি কিংবা খাস জমি সুশাসনের আওতায় আনা হবে। একই সঙ্গে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থায়ী উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন বাহিনীর জন্য জায়গা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে সচিবালয়ে ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে সভা’ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
