গত ২৪ থেকে ৩১ অক্টোবর রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন দেশের তরুণ শিক্ষার্থীরা অংশ নেন। এতে ভূগোল বিষয়ে একাডেমিক জ্ঞান, বৈজ্ঞানিক দক্ষতা ও ব্যবহারিক অভিজ্ঞতা যাচাই করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) ঢাকার রাশিয়ান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যক্তিগত বিভাগে তানভীর সাদাত ও আরিফা আতিক মীম রৌপ্য পদক অর্জন করেন। ব্রোঞ্জ পদক পেয়েছেন মো. তাওসিকুল ইসলাম, মিনহাজুল ইসলাম তাহমিদ ও শাহরিয়ার নূর। সব মিলিয়ে সামগ্রিক বিশ্ব র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ।
বাংলাদেশ দলের নেতৃত্ব দেন তাসিন মোহাম্মদ ও ফেরদৌস আহমেদ। অলিম্পিয়াডে পর্যবেক্ষক হিসেবে দলের সঙ্গে ছিলেন আহনাফ তাহমিদ উদ্দিন।
প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল ব্যবহারিক মাঠপর্যায়ের পরীক্ষা। ২৮ অক্টোবর রোজা খুতোর পর্বত অবকাশকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা পাহাড়ি ভূপ্রকৃতি পর্যবেক্ষণ, নদীর গভীরতা ও পানির প্রবাহের গতি পরিমাপ এবং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। এ সময় বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুমণ্ডলীয় চাপ ও বাতাসের গতিবেগ পরিমাপ করতে হয়।
এ ছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল ও বিশ্লেষণধর্মী সমস্যার সমাধান করতে হয়। এর মধ্যে স্কি লিফট থেকে দূরত্বের ভিত্তিতে কফির মূল্যসূচক নির্ণয়ের মতো ব্যতিক্রমী কাজও ছিল।
বাংলাদেশ দলের তথ্য অনুযায়ী, দেশের প্রচলিত বিদ্যালয় পাঠ্যক্রমে ভূগোল ও ভূতত্ত্বের বিস্তারিত অধ্যয়নের সুযোগ তুলনামূলক সীমিত। এ কারণে প্রতিযোগিতার আগে শিক্ষার্থীরা বিষয় দুটির ওপর বিশেষ প্রস্তুতি নেন। সেই প্রস্তুতি অপরিচিত প্রশ্ন ও বাস্তব পরিস্থিতিতে বৈজ্ঞানিক জ্ঞান প্রয়োগে সহায়তা করেছে।
বাংলাদেশি শিক্ষার্থীদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাশিয়ান হাউজ ইন ঢাকা। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষা সহযোগিতা বাড়ানো এবং আন্তর্জাতিক শিক্ষামূলক কার্যক্রমে বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে কাজ করছে।
