এদিকে, কমিটি অনুমোদনের চার ঘণ্টার মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার দিদারুল আলম।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এনসিপির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী মাঈন উদ্দীন তানভীর ও সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত ২৩ সদস্যের সুবর্ণচর উপজেলা শাখার (আংশিক) আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। আগামী ছয় মাসের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আবদুল মান্নানকে আহ্বায়ক, খন্দকার দিদারুল আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ ফারুককে সদস্য সচিব করা হয়েছে।
আবদুল মান্নান চরবাটা আইডিয়াল মাদরাসার পরিচালক। তিনি জামায়াতে ইসলামীর সুবর্ণচর শাখার রুকন ছিলেন বলে জানা গেছে। জামায়াতের একজন রুকনকে এনসিপির উপজেলা আহ্বায়কের দায়িত্ব দেয়ার বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে।
এ বিষয়ে আবদুল মান্নানের বক্তব্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে সুবর্ণচর উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন বলেন, আবদুল মান্নানের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। তিনি আমাদের দলের কেউ নন।
