রোববার (১ নভেম্বর) দুপুরে শ্রমিকদের সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় কোনো লাঠিচার্জ বা আটকের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
তিনি বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং সেখানেই বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এরপরও শ্রমিকেরা সড়ক ছাড়ছিলেন না। আন্দোলনের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে কি না, সে সন্দেহের কথাও জানান তিনি।
এদিকে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
এর আগে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল থেকে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের সরাতে গেলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।
এ সময় মিরপুর-১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। একই দাবিতে শনিবারও ওই এলাকায় বিক্ষোভ করেছিলেন শ্রমিকেরা।
