জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানায় কনস্টেবল পদে চাকরি, শনাক্ত ১১৭৩ জন

আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশে কনস্টেবল পদে জেলা কোটায় চাকরি পেতে ভুয়া ঠিকানা ব্যবহারের অভিযোগে ১ হাজার ১৭৩ জনকে শনাক্ত করেছে পুলিশের তদন্ত কমিটি। তাঁদের মধ্যে ৯৮০ জনই ঢাকা জেলায় নিয়োগ পেয়েছিলেন। তদন্তে দেখা গেছে, এসব নিয়োগের বেশির ভাগ হয়েছে ২০১৪ ও ২০১৫ সালে। শনাক্ত হওয়া এসব কনস্টেবল এখনো চাকরিতে রয়েছেন।

· পড়তে সময় লাগবে ৩ মিনিট
আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানায় কনস্টেবল পদে চাকরি, শনাক্ত ১১৭৩ জন
জাগ্রত শ্রাবণ · (ফাইল ছবি)

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ঢাকায় নিয়োগ পাওয়া ৯৮০ জনের মধ্যে ৬৪৩ জন ২০১৫ সালে এবং ৩০৩ জন ২০১৪ সালে চাকরি পান। এ দুই বছরে ঢাকায় সন্দেহজনক নিয়োগের সংখ্যা ৯৪৬। তখন জেলার পুলিশ সুপার ছিলেন মো. হাবিবুর রহমান। জেলা কোটা জালিয়াতির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ। সেখানে ৯৩টি ঘটনা শনাক্ত হয়েছে।

গণঅভ্যুত্থানের আগে পর্যন্ত এক দশকে সারা দেশে ৭৬ হাজার ৪৪৮ জন কনস্টেবল নিয়োগ পান। এসব নিয়োগের তথ্য পর্যালোচনা করে তদন্ত কমিটি। গত ১৫ মার্চ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এ তদন্তের নির্দেশ দেন। দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের পাঠানো প্রতিবেদন বর্তমানে পুলিশ সদর দপ্তর যাচাই করছে। যাচাই শেষে চূড়ান্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের ভাষ্য, এসব কনস্টেবলের অনেকে স্থানীয় বাসিন্দা হিসেবে পরিচয় দিতে ছোট ছোট জমি কিনেছিলেন। কেউ কেউ জেলা কোটার সুবিধা পেতে ভুয়া ঠিকানাও ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। তবে তদন্তের ফলাফল আরও যাচাই করা হচ্ছে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তির নাম ভুল করে তালিকায় না আসে।

বিজ্ঞাপন

তদন্তে অযোগ্য হওয়া সত্ত্বেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে শতাধিক ব্যক্তির চাকরি পাওয়ার অভিযোগও উঠে এসেছে। এ ছাড়া লিখিত পরীক্ষায় খারাপ ফল করেও প্রায় ২০০ প্রার্থী মৌখিক পরীক্ষায় অস্বাভাবিক বেশি নম্বর পেয়েছেন বলে তদন্তে জানা গেছে। তবে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কোনো প্রার্থীর আত্মীয় আওয়ামী লীগের নেতা হলেই তিনি আত্মীয়ের প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছেন, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

ঢাকার তৎকালীন পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনও (দুদক) তাঁর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, নিয়োগে অনিয়মের মাধ্যমে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে। তিনি বর্তমানে পলাতক।

এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগে অনিয়মের তথ্য প্রকাশিত হয়। ২০১৯ সালে পুলিশ সুপার মুহাম্মদ হারুন অর রশীদের দায়িত্বকালে ১৮ জন কনস্টেবলের নিয়োগে অনিয়মের তথ্য পাওয়া যায়। তাঁদের মধ্যে পাঁচজন জমি বিক্রির দলিলে একই নিবন্ধন নম্বর ব্যবহার করেছিলেন। আরও তিনজন জমির দলিলে একই নিবন্ধন নম্বর দেখান। এ ছাড়া ১১ জনের জমির দলিলে একই মৌজা, দাগ ও খতিয়ান নম্বর ছিল এবং তাঁদের জমির নিবন্ধন নম্বরও অভিন্ন ছিল।

পুলিশ সদর দপ্তরের অভ্যন্তরীণ তদন্তের পর ওই ১৮ কনস্টেবলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে হারুন ২০২২ সালে ডিআইজি পদে পদোন্নতি পান এবং একই বছর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হন। দায়িত্বে অনুপস্থিত থাকা ও সরকারি আদেশ অমান্য করার অভিযোগে গত ৩১ অক্টোবর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের কয়েকটি মামলা এবং দুদকের করা দুটি মামলা রয়েছে।

গত ২৭ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে জানান, আওয়ামী লীগ সরকারের আমলে জেলা কোটা জালিয়াতির মাধ্যমে হাজার হাজার কনস্টেবল, উপপরিদর্শক (এসআই) ও পুলিশের অন্যান্য পদে লোকবল নিয়োগের অভিযোগ রয়েছে। তিনি এ ধরনের অনিয়মের ক্ষেত্রে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও কিশোরগঞ্জ জেলার নাম উল্লেখ করেন। এসব জেলায় কোটার সুবিধা পেতে প্রার্থীরা ছোট ছোট জমি কিনে স্থায়ী ঠিকানা পরিবর্তন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ধরনের চার থেকে পাঁচটি জেলা চিহ্নিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের কথাও বলেন।

আইজিপির নির্দেশনার পর কনস্টেবল নিয়োগে দুর্নীতি, নিয়োগবিধি লঙ্ঘন ও অন্যান্য অনিয়ম তদন্তে জেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের এসব কমিটির প্রধান করা হয়। কমিটিগুলোকে ভুয়া ঠিকানা ব্যবহার, স্থানীয় বাসিন্দা পরিচয় পেতে জমি কেনা, পরীক্ষায় বিশেষ সুবিধা দেওয়া, রাজনৈতিক প্রভাব খাটানো, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরে অসঙ্গতি এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ খতিয়ে দেখতে বলা হয়। সুপারিশসহ প্রতিবেদন ১৫ এপ্রিলের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা ছিল।

নিয়োগের তথ্য যাচাই, সুপারিশ বা অনুমোদনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে পুলিশ সদর দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

সাবেক আইজিপি বাহারুল আলম বলেন, জেলা কোটা জালিয়াতির সুযোগ এখনো রয়েছে। জমি কেনার মাধ্যমে অন্য জেলার প্রার্থীদের নিজেদের জেলার বাসিন্দা হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ করে দিতে পারেন জেলার পুলিশ সুপারেরা। তিনি একসময় পুলিশ সদর দপ্তরের নিয়োগ ও ক্যারিয়ার পরিকল্পনা বিভাগে সহকারী মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাহারুল আলম জানান, আওয়ামী লীগ সরকারের শেষ দিকে পুলিশ সদর দপ্তর নিয়োগে অনিয়ম ঠেকাতে কিছু উদ্যোগ নিয়েছিল। লিখিত পরীক্ষার নম্বর ৪০ থেকে বাড়িয়ে ৪৫ করা হয় এবং মৌখিক পরীক্ষার নম্বর ২০ থেকে কমিয়ে ১৫ করা হয়। মৌখিক পরীক্ষায় অস্বাভাবিক বেশি নম্বর দিয়ে কাউকে চাকরি পাইয়ে দেওয়ার সুযোগ কমানোই ছিল এর উদ্দেশ্য। এ ছাড়া প্রশ্নপত্র তৈরি ও উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বও পুলিশ সদর দপ্তর নিজেদের হাতে নেয়। এর আগে জেলা পুলিশের ইউনিটগুলো নিজেরাই প্রশ্নপত্র তৈরি ও উত্তরপত্র মূল্যায়ন করত।

বিজ্ঞাপন
আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানায় কনস্টেবল পদে চাকরি, শনাক্ত ১১৭৩ জন | জাগ্রত শ্রাবণ