সকালে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের সরকার মার্কেট এলাকায় হা-মীম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান নেক্সট কালেকশন, স্টারলিং স্টাইল, সেতারা ও ইয়াগি বাংলাদেশসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এ সময় হা-মীম গ্রুপের এক শ্রমিককে আটক করা হয়।
এদিকে, গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় সকাল ৮টার দিকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর শ্রমিকেরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের অভিযোগ, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে গিয়ে তাঁরা পুলিশের লাঠিচার্জ, নির্বিচারে গ্রেপ্তার এবং বহিরাগতদের হামলার শিকার হচ্ছেন। এদিকে শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
