জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

সহকর্মী তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এনসিপির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি উপজেলার প্রাণপুর গ্রামে।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ৪৯ বার পঠিত
সহকর্মী তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
জাগ্রত শ্রাবণ · (ছবি সংগৃহীত)

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পলাশ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। সেখানে তার সঙ্গে কাজ করতেন ২৭ বছর বয়সী এক তরুণী। ওই তরুণীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেন। পরে আদালত পলাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ বিষয়ে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, তানোর উপজেলা কমিটির বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। বিষয়টি জানার পর উপজেলার দায়িত্বশীল নেতাদের অবহিত করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, পলাশ আলীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এনসিপির তানোর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোরশেদ আলী। তার দাবি, এনসিপিতে যোগ দেওয়ার আগে পলাশ একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই প্রতিষ্ঠানের পুরোনো কোনো বিরোধের জেরে তাকে ফাঁসাতে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা করা হয়েছে। মামলাটি মিথ্যা দাবি করে তারা এর প্রতিবাদ জানাবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন