জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং
ব্রেকিংসারাদেশ

পদ্মা সেতুর টোলপ্লাজায় ভাঙচুর, নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাজেল মাদবর নামে নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ৫ বার পঠিত
পদ্মা সেতুর টোলপ্লাজায় ভাঙচুর, নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
তাজেল মাদবর · ছবি সংগৃহীত

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে জাজিরা উপজেলার মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তাজেল মাদবর জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক অবরোধ করেন। এ সময় তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়। অবরোধ চলাকালে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিপুলসংখ্যক লোক টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে তাঁরা বিভিন্ন যানবাহনে হামলা ও ভাঙচুর করেন। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। ফলে পদ্মা সেতুর দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিজ্ঞাপন

এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাজেল মাদবরকে গ্রেপ্তার করা হয়। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

ওসি মো. আব্দুস সালাম জানান, গত ১০ নভেম্বর দিবাগত রাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাজেল মাদবর এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন