জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক ছড়াত ‘ফোর স্টার’ গ্রুপ, ৬ সদস্য গ্রেপ্তার

· পড়তে সময় লাগবে ২ মিনিট· ২ বার পঠিত
অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক ছড়াত ‘ফোর স্টার’ গ্রুপ, ৬ সদস্য গ্রেপ্তার
রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৪ (এসআরবি)-এর অভিযানে গ্রেপ্তার হওয়া ‘মশিউর গ্রুপ’-এর পাঁচ সদস্য · (ছবি সংগৃহীত)

রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করতেন ‘ফোর স্টার’ গ্রুপের অধীন ‘মশিউর গ্রুপ’-এর সদস্যরা। আধিপত্য বিস্তার ছাড়াও চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এই গ্রুপের ছয় সদস্যকে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, ইয়াবাসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৪ (এসআরবি)।

পল্লবী ও রূপনগর এলাকায় গতকাল সোমবার বিকেল ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের এসআরবি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সেখানে এসআরবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে পল্লবী ১২ নম্বরের একটি বাড়িতে অভিযান চালিয়ে মশিউরের নেতৃত্বাধীন ওই চক্রের সশস্ত্র সদস্য সোহাগকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচটি তাজা গুলি এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ তদন্তকারীদের জানান, এ চক্রের সদস্যরা পল্লবী, মিরপুর, শাহ আলী, কাফরুল ও আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন। বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তারা সশস্ত্র মহড়া দিতেন এবং সেসব কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতেন বলেও অভিযোগ রয়েছে।

এসআরবি জানায়, চক্রটি পেশাদার অপরাধীদের কাছে আগ্নেয়াস্ত্র ভাড়া দিত, যা দিয়ে হত্যা, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও অন্যান্য অপরাধমূলক কাজ করা হতো।

সোহাগের বিরুদ্ধে অস্ত্র রাখা, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে পল্লবী ও তেজগাঁও থানায় ৫টি মামলা রয়েছে বলে জানায় এসআরবি।

সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে রূপনগরের শিয়ালবাড়ি কবরস্থানের কাছে আরেকটি অভিযান চালানো হয়। সেসময় ডাকাতির প্রস্তুতির জন্য চক্রটির ৭-৮ জন জড়ো হয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় ৫ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় এসআরবি।

তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, দুটি সামুরাই, স্টিলের অস্ত্র, দেশীয় অস্ত্র, ৩০টি ইয়াবা বড়ি এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার রনি মিরপুরে ফোর স্টার গ্রুপের একজন সক্রিয় সদস্য এবং ‘বোমা কাল্লু’ নামে পরিচিত চক্রের এক সদস্যের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে ডাকাতি, হামলা ও মাদকসংক্রান্ত অপরাধের অভিযোগে পল্লবীসহ বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে।

এছাড়া হাসিব একটি প্রতারণা মামলার আসামি।

এসআরবি জানায়, গ্রেপ্তার ৬ জনই মশিউরের নেতৃত্বাধীন ফোর স্টার গ্রুপের ছত্রচ্ছায়ায় চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বাহিনীটি।

বিজ্ঞাপন