জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় আবার সচিবালয়ে প্রধানমন্ত্রী

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ১ বার পঠিত
সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় আবার সচিবালয়ে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন শেষে ঢাকায় ফিরে সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন। এরপর তিনি বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।

এর আগে সকালে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে সকাল সাড়ে ৮টায় বাসভবন থেকে বের হন প্রধানমন্ত্রী। পরে সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন তিনি। বেলা সাড়ে ১১টার দিকে তাঁর হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে।

বিজ্ঞাপন

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থেকে তিন বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিভিন্ন সামরিক কার্যক্রম প্রত্যক্ষ করেন।

মহড়ার একপর্যায়ে প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখেন।

এই বিশেষ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়। তিন বাহিনীর বিশেষায়িত সদস্যদের সমন্বয়ে পরিচালিত এই অনুশীলনে সামরিক সক্ষমতা, পারস্পরিক সমন্বয় ও বিশেষ অভিযান পরিচালনার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরে দিনের কর্মসূচি শেষ না করেই সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন