জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি-পুত্র, ১০ দিনের রিমান্ড আবেদন

নাটোরের গুরুদাসপুর উপজেলা পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের জ্যেষ্ঠপুত্র মো. নুরুজ্জামান মিন্টুকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

লিখেছেন
· পড়তে সময় লাগবে ১ মিনিট
ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি-পুত্র, ১০ দিনের রিমান্ড আবেদন
শাকিল ইসলাম · (ছবি সংগৃহীত)

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে হেফাজতে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম। বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এর আগে, সোমবার রাত ৮টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছাত্রদল নেতা শাকিল ইসলাম। নিহত শাকিল গুরুদাসপুর উপজেলা পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন। তিনি উপজেলার কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন শাকিল। পথে নূর একাডেমির সামনে পৌঁছালে হেলমেট পরা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলির হাত থেকে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করলে মোটরসাইকেলে করে তাকে ধাওয়া করেন দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

একপর্যায়ে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে শাকিলকে চাপাতি ও চীনা কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান হামলাকারীরা। এতে গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয় শাকিলকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডিবি পুলিশের ওসি মো. নজরুল ইসলাম জানান, শাকিল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুরুজ্জামান মিন্টুকে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য তাঁর ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন