জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলো মাদ্রাসা শিক্ষার্থীরা

গাজীপুরে মাদ্রাসার সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।

· পড়তে সময় লাগবে ১ মিনিট
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলো মাদ্রাসা শিক্ষার্থীরা
(ছবি সংগৃহীত)

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া এ অবরোধ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সম্প্রতি মাদ্রাসার পাশের সিএনজি পাম্পের সামনে সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় আলিম প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাবির গুরুতর আহত হন। মাদ্রাসা ছুটির পর সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধে নামেন বলে জানা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মাদরাসার সামনে সড়ক পারাপার করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হয় শিক্ষার্থীদের। নিরাপদে রাস্তা পারাপারের ব্যবস্থা না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা অবরোধ চালিয়ে যাবেন।

বিজ্ঞাপন

এদিকে শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। কয়েক ঘণ্টা ধরে সড়ক অবরোধ চলায় মহাসড়কের বিভিন্ন অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মজীবী মানুষ, যাত্রী ও পরিবহনচালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

বিজ্ঞাপন