এদিন সকালে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। বিকেল ৩টা পর্যন্ত ৫২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছিল নির্বাচন কার্যালয়। তবে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর মোট কত শতাংশ ভোট পড়েছে তা এখনো জানা যায়নি। বিভিন্ন বয়সী ভাটারদের উপস্থিতিতে ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
এ ছাড়া তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল নজরকাড়া। প্রথমবার ভোট দেওয়ার অনুভূতি জানাতে গিয়ে কেউ কেউ আপ্লুত হয়ে পড়েন। আবার অনেকেই আট মাসের ব্যাবধানে দ্বিতীয়বার ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পর কেউ কেউ সেই মুহূর্তের স্মৃতি ধরে রাখতে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন।
উপনির্বাচন ঘিরে ভোটকেন্দ্রগুলোতে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। পুলিশের পাশাপাশি মাঠে দায়িত্ব পালন করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সতর্ক অবস্থানে।
তবে এদিন সকালে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে দেখা যায়। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এরপর তিনি ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে পরিদর্শন শেষে তিনি অভিযোগ করে বলেন, ডাব মার্কার এজেন্টরা সবাই জামায়াতের এজেন্ট হয়ে গেছে। জামায়াতের এজেন্টরা ডাব মার্কার কাগজ নিয়ে ঢুকে গেছে।
অপরদিকে, জামায়াত ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এরপর তিনি অভিযোগ করে বলেন, ভোটকেন্দ্রে এসে প্রথমেই আমার কাছে যে বিষয়টি উদ্বেগজনক মনে হয়েছে, প্রিজাইডিং অফিসারের কার্ডে কোনো ছবি নেই। যতটুকু শুনলাম, সহকারী প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তাদের গলার কার্ডেও ছবি নেই। যিনি এখানে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করছেন তার যদি ছবি না থাকে তাহলে কীভাবে বুঝব উনিই ওই ব্যক্তি, অন্য ব্যক্তিও তো এখানে প্রক্সি দিতে পারেন, এটি খুবই উদ্বেগজনক।
