সংগঠনটির নেতারা বলেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫–৩৬ বছরে নির্ধারণ করা হলে তাঁরা আবারও ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত শিক্ষার্থীদের দলে পরিণত হবেন। এ কারণে সারা দেশের শিক্ষার্থীদের সমন্বয়ে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৪০ বছর করার দাবি জানাচ্ছেন তাঁরা।
পাশাপাশি এনটিএসআর, এনটিআরসিএ, বেসরকারি ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, এনজিও ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে চাকরির আবেদনের বয়সসীমা উন্মুক্ত করার দাবি জানান তাঁরা।
দাবি বাস্তবায়নের লক্ষ্যে মুক্তমঞ্চ ও সোহরাওয়ার্দী উদ্যানে সারা দেশের শিক্ষার্থীদের নিয়ে একটি সমাবেশ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। অতীতে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের প্রতি সমাবেশে সমর্থন জানানো এবং দাবিগুলো বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানান তাঁরা।
আন্দোলনকারীরা বলেন, ৭ জুন তাঁরা কোটা বাতিল ও সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। পরবর্তী সময়ে জুলাইয়ে বড় ধরনের আন্দোলন গড়ে ওঠে। তাঁরা দেশে নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা চান না উল্লেখ করে বলেন, তাঁরা দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন।
এ সময় সরকারের প্রতি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
