বুধবার রাতে মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফেরার পথে পাথরঘাটা ইটভাটা এলাকায় হামলার শিকার হন গোলাপ। স্বজনদের অভিযোগ, তাঁকে মারধরের পাশাপাশি জোর করে বিষপান করানো ও পেটে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বৃহস্পতিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, নিখোঁজের পর বৃহস্পতিবার সকালে রামকৃষ্ণদী এলাকার একটি কাশবন থেকে শিশু তোয়াবার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার স্বামীর বাড়িতে বসে আহাজারি করতে করতে শিউলি বলেন, ‘জায়গাজমিন নিয়া কত বছর ধইরা ঝগড়া। আমাগো কতবার মারল, মামলা দিল, জায়গা দখল কইরা নিল। শেষ পর্যন্ত আমার স্বামী-সন্তানরে মাইরা ফালাইলো। জায়গাজমিন কত আইবো-যাইবো, আমার স্বামী-সন্তান তো আর আইবো না।’
স্বজনদের দাবি, জমিজমা নিয়ে গোলাপের মামাদের সঙ্গে প্রতিবেশী সোহরাব হোসেনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক মামলা ও মারামারির ঘটনাও ঘটেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে গোলাপের বাবা জয়নাল আবেদিন সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন। মামলায় সোহরাব হোসেনসহ দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হাসান জানান, মূল অভিযুক্ত সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ ও ঘটনা তদন্ত করছে পুলিশ।
