পুলিশের নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৩ জুন ওয়াসিম হত্যা মামলায় গ্রেপ্তার হন জিয়াউদ্দিন। পরদিন তাকে আদালতে হাজির করা হয়। মূল এজাহারে তার নাম না থাকলেও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ৭ জুলাই জামিন পান তিনি।
২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন ওয়াসিম আকরাম। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার মা পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন।
পুলিশের প্রতিবেদনে জিয়াউদ্দিনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আবদুস সবুর লিটনের ঘনিষ্ঠ এবং মহানগর যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের ১৪ মে অনুমোদিত এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটিতে ‘জিয়া রনি’ নামে যুগ্ম আহ্বায়কের পদ পান তিনি। কমিটির অন্য নেতাদের নামের পাশে মোবাইল নম্বর থাকলেও তার নামের পাশে কোনো নম্বর নেই।
এ বিষয়ে জিয়াউদ্দিন দাবি করেন, আইনি প্রক্রিয়ায় তিনি মামলা থেকে বাদ পড়েছেন। এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন বলেন, জিয়াউদ্দিনকে নিয়ে আগে গুজব ছড়ানো হয়েছে। বিষয়টি নিয়ে মহানগর কমিটি ও তার আইনজীবীর সঙ্গে কথা বলে বিস্তারিত জানবেন।
ওয়াসিমের বাবা শফিউল আলম ছেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন। অন্যদিকে, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবর হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে এনসিপির পদ দেওয়ার সমালোচনা করেন।
