বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান এনসিপির আহ্বায়ক বরাবর এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, নাহিদ ইসলাম তার দেওয়া ‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তাঁর কোনো পরিকল্পনা নাই’—এই বক্তব্য আগামী ১০ দিনের মধ্যে প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশে বলা হয়, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে সন্ধ্যার পর প্রচারিত নাহিদ ইসলামের ওই বক্তব্য নোটিশদাতার দৃষ্টিগোচর হয়েছে। এতে তিনি ‘বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ’ হয়েছেন বলে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়, এ ধরনের বক্তব্য ‘অমার্জনীয়’ এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ঈর্ষান্বিত হয়ে অবাস্তব ও কাল্পনিক মন্তব্যের মাধ্যমে নিজেকে ‘ছোট ও অপরিপক্ব রাজনৈতিক ব্যক্তিত্ব’ হিসেবে উপস্থাপন করেছে।
এতে বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপের মতো পদধারী ব্যক্তির কাছ থেকে এমন ‘অগ্রহণযোগ্য, কাল্পনিক, অজ্ঞ, জ্ঞানহীন ও রাজনৈতিক অপ্রজ্ঞার’ বক্তব্য জাতি আশা করেনি। এ বক্তব্যের জন্য নাহিদ ইসলামকে জাতির কাছে ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে।
নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
