জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

‘সিপাহি বিপ্লব জিন্দাবাদ, জেনারেল জিয়া জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ

‘সিপাহি বিপ্লব জিন্দাবাদ, জেনারেল জিয়া জিন্দাবাদ’—১৯৭৫ সালের ৭ নভেম্বরের স্মৃতিবিজড়িত স্লোগান আবারও উচ্চারিত হয়েছে রাজধানীর নয়াপল্টনে।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ১ বার পঠিত
‘সিপাহি বিপ্লব জিন্দাবাদ, জেনারেল জিয়া জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ
জাগ্রত শ্রাবণ · (ছবি সংগৃহীত)

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত সার্বভৌমত্ব র‍্যালিতে অংশ নিয়ে এমন স্লোগান দেন ৭৪ বছর বয়সী হুমায়ুন কবিরসহ কয়েকজন প্রবীণ। র‍্যালির উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নয়াপল্টন ও আশপাশের এলাকা বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।

নয়াপল্টনের জোনাকি সিনেমা হলের সামনে হুমায়ুন কবির ও তাঁর কয়েকজন সহপাঠীকে ‘সিপাহি-জনতা ভাই ভাই, জিয়ার মুক্তি চাই’ এবং ‘জেনারেল জিয়া জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা যায়।

হুমায়ুন কবির জানান, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের সময় তিনি শাহবাগে থাকতেন। সেদিন তিনি ও তাঁর কয়েকজন সহপাঠী রাজপথের মিছিলে যোগ দেন। এমনকি সেনাবাহিনীর ট্যাংকে চড়েও সৈনিকদের সঙ্গে স্লোগান দেন। তাঁর ভাষায়, সেদিন সৈনিক ও সাধারণ মানুষের সম্মিলিত উপস্থিতি ছিল অভূতপূর্ব।

বিজ্ঞাপন

তিনি বলেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান এবং স্বাধীনতার ঘোষক ও সেক্টর কমান্ডার হিসেবে তাঁর ভূমিকার কথা ছোটবেলা থেকেই জানতেন। বাবা-চাচাদের কাছ থেকেও তাঁর সম্পর্কে শুনেছেন। সে কারণেই জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা তৈরি হয়েছিল।

৭৪ বছর বয়সী হুমায়ুন কবির জানান, সেদিনের মিছিলে অংশ নেওয়া তাঁর অনেক সহপাঠী এখন আর বেঁচে নেই। এবার পুরোনো সহপাঠী রহিম উদ্দিন, শরিফ মিয়াসহ শাহবাগ এলাকার কয়েকজনকে নিয়ে র‍্যালিতে এসেছেন।

তিনি বলেন, ‘এই বয়সেও আবেগ, ইতিহাসের প্রতি শ্রদ্ধা এবং শহীদ জিয়াউর রহমানের ত্যাগ স্মরণ করতেই র‍্যালি ও সমাবেশে হাজির হয়েছি।’

১৯৭৫ সালের ৬ নভেম্বর দিবাগত রাত থেকে ৭ নভেম্বরের প্রথম প্রহরে ঢাকা সেনানিবাসে সিপাহি বিদ্রোহের সূচনা হয়। একপর্যায়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত করা হয়। ওই ঘটনাপ্রবাহে সৈনিক ও সাধারণ মানুষের অংশগ্রহণ এবং বিভিন্ন স্লোগান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে আলোচিত।

বিজ্ঞাপন