স্মরণসভায় বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি তাঁর অবদান তুলে ধরা হবে। পাশাপাশি তাঁর জীবনের বিভিন্ন অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
‘নাগরিক সমাজ’-এর পক্ষে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর নেতৃত্বে স্মারকগ্রন্থের জন্য মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে। রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিরা তাঁদের লেখা পাঠাতে পারবেন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে nagorikshoronshova@gmail.com ঠিকানায় লেখা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক ঘোষণা করে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করা হয়।
দীর্ঘদিন ধরে লিভার ও কিডনির জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও সংক্রমণজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তিনি। ২০২৫ সালের ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পাওয়া বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় একটি সময় কেটেছে রাজপথের আন্দোলন-সংগ্রামে। রাজনৈতিক জীবনে একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণ করলেও দেশ ছাড়েননি তিনি। সংসদ নির্বাচনে অংশ নিয়ে কখনো পরাজিত না হওয়ার রেকর্ডও রয়েছে তাঁর।
