এ প্রসঙ্গে ১৯৭৩ সালের আইনের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ওই আইনের ৪৭ (৩) অনুচ্ছেদে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি।’
ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তিনি বলেন, এটি একটি আইনি প্রক্রিয়া। ভারত এ বিষয়ে কী সিদ্ধান্ত নেবে, তা তাদের নিজস্ব বিষয়। শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এটা ওনারা বলতে পারবেন।’
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি।
