জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং
ব্রেকিংজাতীয়

ভারত কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে না: ড. শ্রীরাধা দত্ত

জুলাই আন্দোলনের মুখে পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের সম্ভাবনা প্রায় নেই বলে মনে করেন ভারতের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ ও ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. শ্রীরাধা দত্ত। তার মতে, ঢাকা জোরালো দাবি জানালেও কিংবা দীর্ঘ আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেও নয়াদিল্লি তাকে ফেরত পাঠাতে আগ্রহী হবে না।

· পড়তে সময় লাগবে ২ মিনিট· ৪ বার পঠিত
ভারত কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে না: ড. শ্রীরাধা দত্ত
ভারতের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ ও ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. শ্রীরাধা দত্ত। · (ছবি সংগৃহীত)

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। শ্রীরাধা দত্ত বলেন, "হাসিনা ভারতের ঘনিষ্ঠ মিত্র এবং নয়াদিল্লি তাকে বন্ধু হিসেবেই বিবেচনা করে। ফলে তাকে অন্য কোনো পক্ষের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।"

তবে এটি ভারতের কোনো আনুষ্ঠানিক অবস্থান নয় বরং আন্তর্জাতিক রাজনীতির একজন পর্যবেক্ষক হিসেবে তার ব্যক্তিগত বিশ্লেষণ বলে স্পষ্ট করেন তিনি। একই সঙ্গে সতর্ক করে বলেন, এই একটি ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হলে বাংলাদেশ ও ভারত—উভয় দেশকেই বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন চলছে। অর্থনীতি, নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগসহ বহু ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক স্বার্থ জড়িত থাকলেও দ্বিপক্ষীয় সহযোগিতার অনেক খাত এখনো স্থবির হয়ে আছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকারের উপস্থিতি এবং তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ সেই প্রত্যাশাকে আরও জোরালো করে। তবে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সেই সফর এখনো অনিশ্চিত রয়ে গেছে।

প্রত্যর্পণ প্রক্রিয়ার জটিলতা তুলে ধরে শ্রীরাধা দত্ত বলেন, "বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রত্যর্পণ চুক্তিতে এমন কিছু ধারা রয়েছে, যার আওতায় বিশেষ পরিস্থিতিতে অনুরোধ প্রত্যাখ্যান করা সম্ভব। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও আইনি বাস্তবতায় শেখ হাসিনাকে ফেরত চাওয়াটা স্বাভাবিক। কিন্তু দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষেও ভারত তাকে হস্তান্তর করবে কি না, সেটিই বড় প্রশ্ন। তাছাড়া তাকে প্রত্যর্পণ করলেই যে সব অচলাবস্থা কেটে যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই।"

শেখ হাসিনার পাসপোর্ট ও দেশে ফেরা নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে এই বিশ্লেষক বলেন, "তিনি চাইলে নিজেই দেশে ফিরতে পারেন। যেভাবে ভারতে গিয়েছিলেন, সেভাবেই ফিরতে পারেন। নিজের দেশে ফেরার জন্য প্রত্যর্পণ চুক্তি বা পাসপোর্টের প্রয়োজন হয় না। পাসপোর্ট নিয়ে আলোচনা মূলত রাজনৈতিক কৌশলেরই অংশ।" নির্বাসনে থেকেও সাক্ষাৎকার, নিবন্ধ ও সমর্থকদের মাধ্যমে প্রচারিত ভিডিওর সাহায্যে শেখ হাসিনা নিজের রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে শেখ হাসিনার অবস্থান মূল্যায়ন করে ড. শ্রীরাধা দত্ত বলেন, আওয়ামী লীগ ও দলটির অনুগত সমর্থকদের কাছে তিনি এখনো গুরুত্বপূর্ণ হলেও সাধারণ মানুষের মনোভাব ভিন্ন। বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্মের বড় একটি অংশের মধ্যে তার প্রতি তীব্র নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। টানা ১৫ বছরের শাসনামলে জমে ওঠা রাজনৈতিক ও আর্থসামাজিক ক্ষোভ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের সহিংসতার স্মৃতি তরুণদের এই মনোভাব তৈরিতে বড় ভূমিকা রেখেছে, যা সহজে মুছে যাওয়ার নয়।

বিজ্ঞাপন