জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

২০৩১ সালের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ৩ বার পঠিত
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী
১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, ২২ নভেম্বর ২০২৬। · (ছবি সংগৃহীত)

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা ও এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া তৈরি করা হয়েছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদন ও রপ্তানি ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে। এ ছাড়া আগামী চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

এসএমই খাতের বিকাশে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এসএমই ফাউন্ডেশন ইতিমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে।

অনুষ্ঠানে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে প্রধানমন্ত্রী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন তিনি।

বিজ্ঞাপন