এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার। সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের পরপরই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।
পূর্বঘোষণা অনুযায়ী, গত ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও পরে তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বোর্ড থেকে প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। এ জন্য ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর) ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে হবে।
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। পাশাপাশি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
এ ছাড়া যেকোনো মুঠোফোন থেকে ১৬১৪০ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এখানে 123456-এর জায়গায় পরীক্ষার্থীর নিজস্ব রোল নম্বর দিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিস থেকে সরাসরি ফলাফল পাওয়া যাবে না।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ-সংক্রান্ত আবেদনপ্রক্রিয়া ও নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গত ২ জুলাই এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তবে পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
