জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

বিএনপি জাতিকে হতাশ করেছে, ঐতিহাসিক প্রতারণা করেছে: জামায়াত আমির

বিএনপি জাতিকে হতাশ করেছে এবং জনগণের সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, বিএনপি কথা দিয়ে কথা রাখেনি, জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করেছে এবং জাতির আকাঙ্ক্ষা ও গণরায়কে উপহাস করেছে।

· পড়তে সময় লাগবে ২ মিনিট· ৭ বার পঠিত
 বিএনপি জাতিকে হতাশ করেছে, ঐতিহাসিক প্রতারণা করেছে: জামায়াত আমির
(ছবি সংগৃহীত)

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘বিএনপি জাতিকে হতাশ করেছে। বিএনপি জাতির সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করেছে। কথা দিয়ে কথা ভঙ্গ করেছে। জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করেছে। জাতির আকাঙ্ক্ষাকে, গণরায়কে উপহাস করেছে।’ তিনি বিএনপিকে গণভোটের গণরায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, ভালোয় ভালোয় এ অবস্থান থেকে ফিরে আসতে হবে। অন্যথায় দলটিকে উচ্চ মূল্য দিতে হতে পারে।

ডা. শফিকুর রহমান বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির মধ্যে মূল দাবি হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন। তাঁর দাবি, এই একটি দফা বাস্তবায়ন না হওয়ার কারণেই বাকি ছয় দফার প্রয়োজন তৈরি হয়েছে। গণরায় বাস্তবায়িত হলে চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ ও মাদক কারবারিদের দৌরাত্ম্যও মাথাচাড়া দিয়ে উঠতে পারত না বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ৯ তারিখ সংসদ অধিবেশন বসার আগেই নিজেদের ভুল সিদ্ধান্ত থেকে সরে এসে গণভোটের গণরায় বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। এমন ঘোষণা দেওয়া হলে বিরোধী দলের পরবর্তী সময়ে আর কোনো কর্মসূচি নেওয়ার প্রয়োজন হবে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গণভোটের গণরায় ও ৭০ শতাংশ মানুষের ভোটকে অপমানিত হতে দেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর প্রসঙ্গেও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। কী উদ্দেশ্যে তিনি বিদেশে গিয়েছিলেন এবং কী নিয়ে ফিরেছেন, তা জাতির সামনে পরিষ্কার করা প্রয়োজন। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো লুকোচুরি হচ্ছে কি না, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি।

কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে যুবসমাজকে কারও ছলনায় কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তাদের আবারও রাজপথে লড়াই করতে হতে পারে। সামনে আরেকটি বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জোটের অন্যান্য নেতারা।

বিজ্ঞাপন