রোববার (১ নভেম্বর) সচিবালয়ে ই-রিকশা চলাচল-সংক্রান্ত বিধিমালা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
নতুন বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি আট হাজার টাকা এবং চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার ফি ১০ হাজার টাকা। এক বছর পর নবায়ন ফি যথাক্রমে চার হাজার ও ৫০০ টাকা। একটি ই-রিকশা সর্বোচ্চ ১২ বছর চলাচল করতে পারবে।
প্রতিমন্ত্রী জানান, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচলের জন্য আটটি জোন করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি জোনের ই-রিকশার রং আলাদা হবে। এক জোনের গাড়ি অন্য জোনে চলাচল করতে পারবে না।
তিনি আরও জানান, প্রথম পর্যায়ে যানবাহন নিবন্ধনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পরে আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে চালকদের লাইসেন্স কার্যক্রম শুরু হবে। এ ছাড়া বুয়েটের অনুমোদিত নকশা অনুযায়ী ই-রিকশা তৈরি ও বিদ্যমান যানবাহনগুলোকে সেই নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।
নিবন্ধন ছাড়া চলাচল, অতিরিক্ত যাত্রী বহন, অনুমোদিত গতিসীমা অতিক্রম ও ট্রাফিক সংকেত অমান্য করাসহ বিভিন্ন কাজকে বিধিমালায় অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বর্তমানে চলাচল করা ই-রিকশা হঠাৎ বন্ধ করা হবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিয়ম মেনে পর্যায়ক্রমে নিবন্ধন করা হবে এবং ধাপে ধাপে অবৈধ ব্যাটারিচালিত রিকশা অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।
