মঙ্গলবার (৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানায় টিআইবি।
বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশনের নিবন্ধন বিধান অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সব পর্যায়ের কমিটিতে অন্তত ৩৩ শতাংশ নারী সদস্য রাখার লক্ষ্যমাত্রা রয়েছে। অথচ জামায়াতের ২০২৩-২৫ মেয়াদের ১৯ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে কোনো নারী নেই।
সম্প্রতি টিআইবির প্রকাশিত গবেষণা প্রতিবেদন নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, দলটির কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন, মজলিসে শুরায় ১২২ জন নারী সদস্য রয়েছেন। পাশাপাশি রুকনদের প্রায় ৪৩ শতাংশ নারী।
জবাবে টিআইবি জানায়, গবেষণায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদে নারীদের প্রতিনিধিত্ব বিশ্লেষণ করা হয়েছে। মজলিসে শুরা বা মোট নারী সদস্যের সংখ্যা এ গবেষণার বিষয় ছিল না। আরপিও অনুযায়ী, প্রতিটি কমিটিতে নারী সদস্যের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।
টিআইবির মতে, নারীদের জন্য পৃথক কমিটি গঠন করলেই দলীয় কার্যক্রমে তাদের প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত হয় না। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও শীর্ষ নেতৃত্বেও নারীদের প্রতিনিধিত্ব নেই।
বিবৃতিতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কোনো আসনেই নারী প্রার্থী মনোনয়ন দেয়নি। এ ছাড়া দলটির গঠনতন্ত্রের কয়েকটি বিধান সংবিধানের ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় স্বাধীনতা ও বৈষম্যবিরোধী নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে টিআইবি।
সংস্থাটি অভিযোগ করেছে, গবেষণার ফলাফল অস্বীকার ও অপ্রাসঙ্গিক তথ্য ব্যবহারের মাধ্যমে জামায়াত নিজেদের রাজনৈতিক চর্চাকে আড়াল করার চেষ্টা করছে। একই সঙ্গে দলটিসহ সব রাজনৈতিক দলকে প্রাতিষ্ঠানিক সংস্কারের আহ্বান জানিয়েছে টিআইবি।
