জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ১ বার পঠিত
দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের
জাগ্রত শ্রাবণ · (ফাইল ছবি)

জাতীয় বিদ্যুৎ গ্রিডে দ্বিতীয় দফায় প্রায় ৭ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ সরবরাহ করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে টানা প্রায় ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এর মধ্য দিয়ে দ্বিতীয় দফার পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। শুরুতে ১০ থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ অব্যাহত ছিল। এ সময়ে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৬ লাখ টাকা।

বিজ্ঞাপন

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় সঞ্চালন ব্যবস্থার সঙ্গে সফলভাবে যুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি কেন্দ্রটির পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও পরিচালনাকারীদের দক্ষতা এবং রুশ পরিচালন সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।

তিনি আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা বজায় রেখে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

দ্বিতীয় দফার বিদ্যুৎ সরবরাহ শেষ হওয়ার পর কেন্দ্রটির প্রথম ইউনিটকে জাতীয় সঞ্চালন ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহকালীন বিভিন্ন পরিচালন মানদণ্ড, উৎপাদন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও সক্ষমতা পর্যালোচনা করা হচ্ছে। এসব পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে পরবর্তী কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন