রোববার (৮ নভেম্বর) দুপুরে ঢাকার ১৫তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাজহারুল ইসলামের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ৯ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন।
আসামিরা হলেন—জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, তার প্রেমিক মো. মাহির রহমান এবং মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান। এই মামলায় গ্রেপ্তার তিন আসামি কারাগারে আটক রয়েছেন। শুনানিকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
বাদীপক্ষের আইনজীবী ইশতিয়াক হোসেন জিপু এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ৩০ জুন এ মামলার তদন্ত শেষে তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষাসহ ৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক আশরাফ হোসেন এ চার্জশিট দাখিল করেন। অপর আসামিরা হলেন বর্ষার প্রেমিক মো. মাহির রহমান এবং মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান। এরা তিনজনই হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
চার্জশিটে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, ভিকটিম মো. জোবায়েদ হোসেন (২৫) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১৫তম ব্যাচের ছাত্র। তিনি জীবিকা নির্বাহের জন্য টিউশনি করতেন।
